Print Date & Time : 07 November 2026 Saturday 03:45 am

মশা তাড়াতে ডিএসসিসির অভিযান, জরিমানা

image

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার বিস্তার ঠেকাতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) সকালে ডিএসসিসির বিভিন্ন বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানকালে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ হোসাইন বিল্ডার’কে দণ্ডবিধির ২৬৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

image

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ফুটপাত, বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয় এবং ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ডিএসসিসির তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করা হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন ডিএসসিসির বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করবেন তিনি।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব, সড়কবাতি ও প্রকৌশলসহ সব সেবার মান যাচাই করা হবে। কোথাও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে যত্রতত্র ময়লা ফেলা কিংবা পানি জমিয়ে এডিস মশার লার্ভা তৈরির পরিবেশ সৃষ্টি করলে নাগরিকদেরও আইন অনুযায়ী জরিমানা করা হবে বলে সতর্ক করেন তিনি।

জনস্বার্থে মশক নিয়ন্ত্রণসহ নাগরিক সেবা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

—জা. অর্থনীতি/এএইচএ