Print Date & Time : 28 October 2026 Wednesday 07:28 am

যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স ও অ্যাক্রেডিটেশন শীর্ষক সভা অনুষ্ঠিত

image

যবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে “কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন” শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান কাউন্সিলের কাজের পরিধি তুলে ধরে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও তাদের বিভিন্ন অ্যাকাডেমিক প্রোগ্রামের মান যাচাই করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাউন্সিল নিরলস কাজ করছে। এতে সার্বিক সহায়তার জন্য কাউন্সিলের দরজা সর্বদা খোলা রয়েছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মান উন্নতকরণ এবং বিশ্বমানের র‌্যাঙ্কিং অর্জনে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই। এর মাধ্যমে দেশীয় শিক্ষার্থীরা বিদেশে যথাযথ মূল্যায়ন পাওয়ার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আগ্রহী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের বক্তব্যে শুরু হওয়া এ সভায় বিভাগীয় প্রধানেরা স্ব-স্ব বিভাগের শিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশলগত দিক নিয়ে বিস্তারিত প্যানেল আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

—জা. অর্থনীতি/এলএটি