Print Date & Time : 07 November 2026 Saturday 04:00 am

ওয়ার্ক পারমিট থাকলে বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে ব্যাংক হিসাব খোলার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘A3’ ভিসাসহ অন্যান্য Employment Visa ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লেটার নং-২৯-এ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে ‘A3’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হয়। ওই ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের বিষয়ে শর্তও থাকে।

এ ছাড়া অন্যান্য Employment Visa ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘A3’ ক্যাটাগরিসহ অন্যান্য ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে তাঁদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য ‘Know Your Customer’ (KYC) বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস