Print Date & Time : 26 October 2026 Monday 04:02 am

শাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

image

সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক নিয়োগ পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শাবিপ্রবি আইন ১৯৮৭-এর ধারা অনুযায়ী তাদের আগামী ৪ বছরের জন্য এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। উভয় কর্মকর্তা তাদের মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য বিধিভিত্তিক সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিজের অনুভূতির কথা জানিয়ে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক অগ্রযাত্রায় শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। এই নতুন যাত্রা সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

—জা. অর্থনীতি/এলএটি