Print Date & Time : 08 November 2026 Sunday 12:17 pm

যশোরকে মৎস্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র করার আহ্বান

image

যশোর প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরবর্তীতে যশোর পৌর পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান খোকন।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, খাদ্যনিরাপত্তা, প্রোটিনের চাহিদা পূরণ, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং দেশীয় প্রজাতির মাছ ও জলাশয় সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান খোকন বলেন, যশোরে মৎস্যচাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চাষিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সরকারি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে যশোরকে দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী মৎস্য খাতকে একটি শক্তিশালী শিল্পে পরিণত করে রপ্তানি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে মাছ সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, জেলা প্রশাসক আশেক হাসান যশোরে একটি আধুনিক মৎস্য পরীক্ষাগার স্থাপনের আশ্বাস দেন এবং দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৮ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ২২.০৩ শতাংশ। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি ৬ লাখ মানুষ এ খাতের সঙ্গে জড়িত। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষি ও হ্যাচারি মালিকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি