Print Date & Time : 07 November 2026 Saturday 03:41 am

প্রকল্পের অর্ধেকের কম কাজ, হারিয়ে যাচ্ছে শতবর্ষী বাজার

image

মৌলভীবাজার প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় আট কোটি টাকার প্রকল্প আলোর মুখ না দেখায় মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী শতবর্ষী কাউকাপন বাজার মনু নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে বাজার সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মেয়াদের বন্যায় নদীর ভয়াবহ ভাঙনে বাজারের প্রায় ৫০ ফুট জায়গা এবং ৩৬টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া ৩টি মার্কেটের আরও ১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাজার ও কটারকোনা-কাউকাপন-তারাপাশা সড়ক রক্ষায় ২০২০ সালে ৪৫০ মিটার নদী প্রতিরক্ষা কাজের জন্য ৭ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে পাউবো। যৌথভাবে কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ‘আরাধনা এন্টারপ্রাইজ’ ও ‘মুন ইন্টারন্যাশনাল’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে গত ছয় বছরে কাজের অগ্রগতি মাত্র ৪৩ শতাংশ (শুধু ডাম্পিং), যা গত তিন বছর ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির ভেঙে যাওয়া অংশ দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিধান চন্দ্র দে জানান, একসময়ের শতাধিক দোকানের এই বাজারে এখন মাত্র ৬৫টি টিকে রয়েছে। সম্প্রতি বন্যায় ভাঙন স্থানে মাটি আরও পাঁচ-ছয় ফুট দেবে যাওয়ায় পুরো বাজারটি এখন চরম অস্তিত্ব সংকটে।

এ বিষয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, তিন বছর আগে স্থানীয়রা কাজের প্রয়োজনীয়তা নেই দাবি করে লিখিত দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সেখানে জমি অধিগ্রহণের সুযোগ নেই। বাজারের জমির প্রকৃত মালিকরা অধিগ্রহণ ছাড়াই কাজ করতে দেওয়ার বিষয়ে লিখিত আবেদন দিলে পুনরায় কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার জানান, ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করে দ্রুত কাজ শুরুর বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করা হবে। অবিলম্বে এই প্রকল্পের কাজ শেষ করে শতবর্ষী বাজার ও স্থানীয় বাসিন্দাদের বসতভিটা রক্ষার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী।

—জা. অর্থনীতি/এলএটি