Print Date & Time : 15 October 2026 Thursday 12:19 pm

বিল্লাল হত্যা মামলার তদন্তে ৮ জন আটক

image

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার গজারিকুড়া খ্রিষ্টান পল্লীর পাশের একটি নির্জন স্থান থেকে মাটিচাপা অবস্থায় বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৪ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন জারুলতলা এলাকার জুলহাসের ছেলে বিল্লাল।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে থানায় আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা না পাওয়ায় নিরপরাধদের ছেড়ে দিয়ে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বিল্লালের দাফন সম্পন্ন হয়।

এদিকে, সকালে স্থানীয় কয়েকজন নিহতের পরিবার ও অন্যান্যদের বিরুদ্ধে বাড়িঘর ও গবাদিপশু চুরির অভিযোগ তুললেও, নিহতের পরিবার ও স্থানীয়রা তা অস্বীকার করে বলেন— মূল হত্যাকাণ্ড থেকে নজর ঘোরাতে এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পুলিশ ও স্থানীয় প্রতিনিধিরা স্থানটি পরিদর্শন করেছেন।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

—জা. অর্থনীতি/এলএটি