Print Date & Time : 07 November 2026 Saturday 05:38 pm

গ্যাস সংকটের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

image

জামালপুর প্রতিনিধি: নতুন গ্যাস পাম্প স্থাপন ও চরম গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকরা। সিএনজি চালকদের দাবি, জেলায় প্রায় ৫ হাজার সিএনজিচালিত যানবাহন চলাচল করলেও একমাত্র জাবেদ ফিলিং স্টেশন থেকেই তাদের গ্যাস নিতে হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না, যার প্রভাব সরাসরি তাদের আয়ের ওপর পড়ছে।

চালকেরা অভিযোগ করেন, একটিমাত্র পাম্পের ওপর বিপুলসংখ্যক গাড়ির নির্ভরতার কারণে প্রতিদিন অযথা সময় নষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নতুন গ্যাস পাম্প স্থাপন করে সংকটের স্থায়ী সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। তবে সকাল থেকে মহাসড়কে তৈরি হওয়া দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীরা।

—জা. অর্থনীতি/এলএটি