চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, অথচ এটি ছাড়া মাত্র কয়েক মিনিটও বেঁচে থাকা অসম্ভব-এমন এক নিয়ামতের নাম অক্সিজেন। খাদ্য ছাড়া মানুষ কয়েক সপ্তাহ, পানি ছাড়া কয়েক দিন টিকে থাকতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া কয়েক মিনিটের বেশি নয়। অথচ জীবনরক্ষাকারী এই উপাদান মহান আল্লাহ প্রতিটি মানুষকে সম্পূর্ণ বিনা মূল্যে দান করেছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বারবার তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলেন, 'অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? (সুরা রহমান, আয়াত ১৩)
আমরা প্রতিদিন গড়ে প্রায় ২০ থেকে ২৫ হাজারবার নিঃশ্বাস নিই, অথচ এই সুমহান নিয়ামতের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি খুব কম মানুষই। বিজ্ঞান বলছে,' পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় ২১ শতাংশ অক্সিজেন রয়েছে, আর একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক প্রায় ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করেন। গাছপালা সূর্যালোকের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়ায় এই অক্সিজেন উৎপন্ন করে এবং একই সঙ্গে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই বৃক্ষ কেবল প্রকৃতির শোভা নয়, মানবজীবনের অস্তিত্ব রক্ষার মূল ভিত্তি।
এ কারণেই ইসলামে বৃক্ষরোপণকে দেওয়া হয়েছে সাদকায়ে জারিয়ার মর্যাদা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম গাছ লাগালে বা ফসল ফলালে, তা থেকে মানুষ, পাখি বা কোনো প্রাণী আহার করলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। (সহিহ বুখারি)
আজ বিশ্বজুড়ে বায়ুদূষণ, বন নিধন ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশুদ্ধ বাতাসের সংকট প্রকট হয়ে উঠছে। কোভিড-১৯ মহামারিতে অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষের হাহাকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে-বিনা মূল্যে পাওয়া এই নিয়ামতের প্রকৃত মূল্য কতটা অপরিসীম।
তাই আল্লাহ তায়ালা বান্দাকে যে অশেষ নেয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে মহান রবের দিকে ফিরে আসা। কেননা বিজ্ঞানের দৃষ্টিতেও এটি এক গুরুত্বপূর্ণ দান, যার কদর করা প্রতিটি মুমিনের কর্তব্য
জা. অর্থনীতি/ ওএফএ