Print Date & Time : 08 November 2026 Sunday 02:04 pm

পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাবা-মায়ের কাজের ব্যস্ততায় অলক্ষে পানিতে পড়ে ৩ বছরের শিশু মো. জাওয়াতের করুণ মৃত্যু হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাদঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জাওয়াত যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মনিরুজ্জামানের একমাত্র ছেলে।

মনিরুজ্জামান চাকরির সুবাদে পরিবার নিয়ে শ্যামনগরে বসবাস করে আসছিলেন। তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসকদের সিরিয়াল লেখার কাজ করেন।

শিশুটির মা সাদিয়া খাতুন জানান, তিনি ঘরে কাজ করছিলেন এবং শিশু জাওয়াত বাইরে খেলা করছিল। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে তিনি মনিরুজ্জামানকে ফোন করে তার কর্মস্থলে গেছে কি না জানতে চান। মনিরুজ্জামান পুরো হাসপাতাল চত্বরে খুঁজে কোথাও না পেয়ে দ্রুত বাসায় ফিরে আসেন।

বাসায় এসে বাড়ির পাশে রাস্তার ওপর জাওয়াতের একটি জুতা এবং বিলের পাশে ড্রামের ওপর ওপর আরেকটি জুতা দেখতে পান তিনি। এরপর বিলে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু জাওয়াতকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক সাকির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। 

ওসি  জানান, স্বজনদের বিলাপ ও শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি