Print Date & Time : 02 November 2026 Monday 10:07 am

বাল্যবিয়ের খবরে প্রশাসনের অভিযান, কনের বাবাকে জরিমানা

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে পণ্ড করে দেওয়া হয়।

পরবর্তীতে ওই শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ যাচাই করে দেখা যায়, তার জন্ম ২ জানুয়ারি ২০১৩। সে হিসেবে তার বয়স বর্তমানে ১৩ বছরেরও কম। বাল্যবিয়ে দেওয়ার অপরাধ স্বীকার করায় কনের বাবা মো. মহিন উদ্দিন মানিককে (৩৮) বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বর ও কনে পক্ষের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, "সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি)-র নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে এবং আইন অনুযায়ী অভিভাবককে জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি; তা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

—জা. অর্থনীতি/এলএটি