Print Date & Time : 25 October 2026 Sunday 05:25 pm

মোদির ভিডিও ব্লক: জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও মুছে ফেলার ঘটনায় মেটাপ্রধান মার্ক জাকারবার্গকে ৩ দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ না হলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা তুলে নেওয়ার পাশাপাশি জাকারবার্গের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করেছে বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বে পরিচালিত সংসদীয় কমিটি।

আরও পড়ুন:  মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে পোস্ট করা প্রধানমন্ত্রীর প্রথম সেলফি ভিডিওটি মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল, যা ব্যাপক সমালোচনার মুখে দ্রুত পুনরুদ্ধার করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে কারিগরি ত্রুটির জন্য মেটা ক্ষমা চাইলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাদের এই ব্যাখ্যা যুক্তিসঙ্গত নয় বলে প্রত্যাখ্যান করেছে।

সংসদীয় কমিটি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে স্পষ্ট জানিয়েছে, এই বিষয়ক আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সূত্র: এনডিটিভি 

—জা. অর্থনীতি/এনজে