সাতক্ষীরা প্রতিনিধি: কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই দুর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ, আর পুকুরে ডুবে মারা গেছেন এক কৃষক।
সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট এলাকার মটেরচক ও শীলতলা গ্রামে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন খায়রুন্নেছা (৪০)। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের
ইউপি সদস্য কমলা রাণী জানান, খাযরুন্নেছার দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে সোমবার বেলা ১১টার দিকে ধুমঘাটের শীলতলা গ্রামে আরেকটি দুর্ঘটনা ঘটে। কৃষক কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কৃষ্ণপদ পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যান। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এই দুই দুর্ঘটনায় ধুমঘাট এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
—জা. অর্থনীতি/এনজে