Print Date & Time : 28 October 2026 Wednesday 09:45 am

১৫ টাকা কেজিতে চাল পাবেন ৫৫ লাখ পরিবার

image

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে ৫৫ লাখ কার্ডধারী পরিবার আগামী ছয় মাস প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি দেশের ৪৯৫টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগীরা আগস্ট থেকে নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল—মোট ছয় মাস ভর্তুকি মূল্যে চাল পাবেন।

খাদ্য মন্ত্রণালয় জানায়, কর্মসূচিটির মূল লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা।

এবারের কর্মসূচিতে পুষ্টির বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে ওএমএস কার্যক্রমও চলমান রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিক্রি করা হচ্ছে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাব অনুযায়ী) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত খাদ্য মজুদ, চলমান সংগ্রহ অভিযান এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে অপুষ্টি হ্রাস এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।

—জা.অর্থনীতি/এএইচএ