Print Date & Time : 03 November 2026 Tuesday 08:25 am

আজীবন সম্মাননা প্রত্যাখ্যানের কারণ জানালেন নাসিরুদ্দিন শাহ

image

বিনোদন ডেস্ক: আজীবন সম্মাননা পেতে কে না চান? কিন্তু বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ কেন সেই পুরস্কার ফিরিয়ে দেন? অভিনেতার এক ব্যাখ্যাই এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত চরিত্র উপহার দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি ‘ম্যায় বাপস আউঙ্গা’ সিনেমার সাফল্যের মধ্যেও তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে। বিভিন্ন অনুষ্ঠানে আজীবন সম্মাননা বা লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার গ্রহণ না করার কারণ নিজেই প্রকাশ করেছেন এই অভিনেতা।

মুম্বাইয়ে ‘ম্যায় বাপস আউঙ্গা’ সিনেমার ৫০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের অর্থ হলো মানুষের ধারণা, আপনার কাজ শেষ হয়ে গেছে।’ আর ঠিক এই কারণেই তিনি এমন পুরস্কার গ্রহণ করেন না। তার ভাষায়, তিনি এখনো মনে করেন না যে তাঁর কাজ শেষ। বরং অভিনয়ে তাঁর আরও অনেক কিছু দেওয়ার আছে। ভবিষ্যতেও নতুন ও ভিন্নধর্মী গল্পের অংশ হতে চান বলেই তিনি এই ধরনের সম্মাননা থেকে দূরে থাকেন। 

প্রসঙ্গত, ১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা নাসিরুদ্দিন শাহ ‘স্পর্শ’, ‘পার’, ‘কর্মা’, ‘জলওয়া’, ‘মালামাল’ এবং ‘ইকবাল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 

৭৬ বছর বয়সেও অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ একটুও কমেনি। নাসিরুদ্দিন শাহ-এর মতে, একজন শিল্পীর কাজের শেষ নেই। যতদিন ভালো গল্প ও শক্তিশালী চরিত্র থাকবে, ততদিন অভিনয় চালিয়ে যেতে চান তিনি। আর সেই বিশ্বাস থেকেই আজীবন সম্মাননার বদলে নতুন কাজকেই সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে দেখছেন এই কিংবদন্তি অভিনেতা। 

—জা. অর্থনীতি/এনএ