Print Date & Time : 08 November 2026 Sunday 01:12 pm

কালিগঞ্জে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে সীমান্ত নদী ইছামতীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। এরপর নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, বিশেষ ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহ। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি