Print Date & Time : 08 November 2026 Sunday 07:35 am

শেরপুরের তথ্যপ্রাপ্তি সহজ করতে নতুন অ্যাপসের যাত্রা শুরু

image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নাগরিক সেবা ও তথ্যপ্রাপ্তিকে আরও সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর’ নামে একটি নতুন অ্যাপসের যাত্রা শুরু হয়েছে।

উদ্যোক্তাদের ভাষ্য, স্থানীয় তথ্য ও বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে এনে সময়, খরচ ও তথ্যপ্রাপ্তির জটিলতা কমানোই এ উদ্যোগের লক্ষ্য। তথ্যপ্রযুক্তিনির্ভর এ সেবা স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা ও সেবাখাতের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘তথ্যই হোক সংযোগ’ স্লোগান নিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি কেক কেটে যাত্রার সূচনা করা হয়।

শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিয় শেরপুর অ্যাপস সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল অর্থনীতির যুগে নির্ভরযোগ্য তথ্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। জেলা পর্যায়ের হাসপাতাল, চিকিৎসক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, রক্তদাতা, পরিবহন সময়সূচি ও জরুরি যোগাযোগের তথ্য এক প্ল্যাটফর্মে থাকলে সাধারণ মানুষের পাশাপাশি উদ্যোক্তা ও সেবাগ্রহীতারাও উপকৃত হবেন। এতে তথ্য খোঁজার সময় ও ব্যয় কমবে এবং স্থানীয় সেবাখাতের সঙ্গে নাগরিকের সংযোগ আরও সহজ হবে।

আইটি প্রতিষ্ঠান প্রিয় টেক বাংলাদেশ–এর দ্বিতীয় ডিজিটাল পণ্য হিসেবে চালু হওয়া ‘প্রিয় শেরপুর’ আ্যপসে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা, ব্যবসায়িক তথ্য এবং নাগরিক প্রয়োজনীয় তথ্য যুক্ত করা হচ্ছে। উদ্যোক্তাদের আশা, এ উদ্যোগ স্থানীয় তথ্যভিত্তিক ডিজিটাল সেবার বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং জেলার ডিজিটাল অর্থনীতির প্রসারে সহায়ক হবে।

প্রতিষ্ঠাতা মহিউদ্দিন সোহেল দৈনিক জাতীয় অর্থনীতিকে বলেন, এটি শুধু একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ নয়; বরং শেরপুরকে তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার আওতায় আরও কার্যকরভাবে যুক্ত করার একটি উদ্যোগ। ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে নতুন নতুন নাগরিকসেবা সংযুক্ত করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি