Print Date & Time : 07 November 2026 Saturday 07:52 pm

আবারও অর্থ আত্মসাতের অভিযোগ সোহমের বিরুদ্ধে!

image

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী আবারও প্রতারণার অভিযোগে আলোচনায়। এবার ছবি নির্মাণের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ ৫০ হাজার রুপি নেওয়া, অর্থ আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

ভারতের পশ্চিমবঙ্গের চারু মার্কেট থানায় হুগলির আরামবাগের বাসিন্দা শেখ শাহিদ ইমাম লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের কথা বলে তার কাছ থেকে ৬৮ লাখ ৫০ হাজার রুপি নেন সোহম। পরে সিনেমাটি মুক্তি পেয়ে বাণিজ্যিকভাবে সফল হলেও বিনিয়োগের অর্থ কিংবা প্রতিশ্রুত লভ্যাংশের কিছুই পাননি প্রযোজক। 

অভিযোগকারী বলেন, পাওনা টাকা চাইতে গেলে বারবার টালবাহানা করা হয়। এমনকি কলকাতার সাউথ সিটি মলের পার্কিং এলাকায় সোহমের এক সহযোগীর কাছে টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অভিনেতার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপদে ফেলার ভয়ও দেখানো হয়। 

পরে সরাসরি সোহমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ভুক্তভোগী। তার অভিযোগ, সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি থেকে বিপুল অংকের অর্থ পেলেও সোহম তাকে একটি টাকাও দেননি। 

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছরের জুনেও এক কোটি ৫ লাখ রুপি প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেবারও সিনেমা নির্মাণের নামে অর্থ নেওয়া এবং টাকা ফেরত চাইলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছিল। এ ছাড়া, এক বছর আগে নিউ টাউনের একটি রেস্টুরেন্টে মারামারির ঘটনায়ও তীব্র সমালোচনায় ছিলেন এই অভিনেতা। 

—জা. অর্থনীতি/এনএ