নিজস্ব প্রতিবেদক: 'নো গ্যাস, নো বিল' এই স্লোগানে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস ভবনের সামনে মানববন্ধন করেছেন মোহাম্মদপুর ও আদাবর এলাকার বাসিন্দারা।
বুধবার (২৯ জুলাই) মোহাম্মদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা দীর্ঘদিনের গ্যাস সংকটের অবসান এবং দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় গত কয়েকদিন ধরে চরম গ্যাস সংকট চলছে। প্রথমদিকে প্রতিদিন রাত ২টা থেকে ভোর পর্যন্ত কিছু সময় গ্যাস পাওয়া গেলেও গত দুই দিন ধরে একেবারেই গ্যাস সরবরাহ নেই। ফলে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না এবং চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো পরিবার।
তারা বলেন, গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন, কেউ কেউ শুধু পাউরুটি খেয়ে দিন পার করছেন। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে অন্যায় বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, গ্যাস না পেলে আমরা কেন গ্যাসের বিল দেব? সেবা নিশ্চিত না করে বিল আদায় করা গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে জানানো হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনও পাঠানো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।
এ সময় মানববন্ধন অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং গ্যাস সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
—জা. অর্থনীতি/এনজে