Print Date & Time : 28 October 2026 Wednesday 07:20 am

মিরপুর কলেজের দেয়াল ধসে পড়ল ওএমএসের লাইনে, নিহত ২

image

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত মিরপুর কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে দুজন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে 'লাভ রোড-মন্দির রোড' এলাকায় ওএমএসের পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওএমএসের পণ্য নেওয়ার জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এ ঘটনায় দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী ও পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। নিহত অপরজন পুরুষ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে আটজন আহত হয়।

ওসি আরও জানান, ওখানে প্রতিদিনই ওএমএস বা টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

ওসি বলেন, আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামে এক নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী। বাকিরা চিকিৎসাধীন।

—জা.অর্থনীতি/আইবিএম