Print Date & Time : 07 November 2026 Saturday 10:48 am

জাপানে ৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামির জরুরি সতর্কতা

image

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশু। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভয়াবহ এই ভূকম্পনের পরপরই দেশটির উপকূলীয় এলাকায় সুনামির জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর ১ মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জেএমএ।

জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। এসব এলাকা দেশটির দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে অবস্থিত।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে গড়ে অন্তত প্রতি ৫ মিনিটে একটি করে ভূমিকম্প অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সমুদ্রগর্ভস্থ খাতসমৃদ্ধ ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে।

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, ভূমিকম্পের পর তারা সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে উচ্চগতির শিনকানসেন ট্রেন পরিষেবাও রয়েছে।

সম্ভাব্য সুনামির ঝুঁকি এড়াতে এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকার অধিবাসীদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ।

—জা. অর্থনীতি/এলএটি