আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য স্থগিতের প্রস্তাব জানিয়ে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি এই বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। শুধু ভিসা স্থগিতই নয়, এই বিলে বহুল আলোচিত এইচ-১বি ভিসার আবেদন ফি এক ধাক্কায় বাড়িয়ে ১ লাখ ডলারে উন্নীত করার মতো অত্যন্ত কড়া সুপারিশও করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মূলত ভারত ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ ও বিশেষায়িত কর্মীদের নিয়োগের জন্য এই ভিসা কর্মসূচিটি ব্যাপকভাবে ব্যবহার করে থাকে, যা নতুন এই বিলের ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে।
সিনেট অধিবেশনে বিলটির পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে সিনেটর টিম শিহি জানান যে, এইচ-১বি ভিসার প্রধান উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মীদের ঘাটতি দূর করা। তার মতে, মার্কিন কর্মীদের বাদ দিয়ে তুলনামূলক কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া কখনোই এই ভিসার উদ্দেশ্য ছিল না। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের কাজ করার সুযোগ তৈরি করতে সরকার এই ভিসা কর্মসূচি চালু করলেও, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এই ভিসা প্রাপ্তি ক্রমশ কঠিন ও দুর্লভ হয়ে উঠেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার সাধারণ এইচ-১বি ভিসা ইস্যু করা হয় এবং দেশটিতে উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারীদের জন্য আরও অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত থাকে।
উত্থাপিত এই বিলে তিন বছর পর এইচ-১বি ভিসা পুনরায় চালু হলেও এর শর্তাবলিতে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। ভিসা ফি ১ লাখ ডলারে উন্নীত করার পাশাপাশি বার্ষিক ভিসার কোটা কমিয়ে মাত্র ২৫ হাজারে নামিয়ে আনা এবং কর্মীদের ন্যূনতম বেতন ২ লাখ ডলার হওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এছাড়া বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা এবং তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করার মতো বিষয়গুলোও বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বন্ধ করা, এইচ-১বি ভিসাকে স্থায়ী বসবাসের অনুমতিতে রূপান্তরে বাধা দেওয়া এবং এই ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা প্রতিরোধ করারও কঠোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত এই বিলটি মার্কিন অভিবাসন ব্যবস্থায় একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অভিবাসন আইনজীবীরা গণমাধ্যমকে জানিয়েছেন যে, এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত ও দক্ষ অভিবাসন ব্যবস্থাকে প্রায় পুরোপুরি নতুন করে ঢেলে সাজানোর শামিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, বিলটি এমন এক সময়ে সামনে এল, যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছে। নিম্ন আদালতের পূর্ববর্তী রায়ে এই বিশাল অঙ্কের ফি-কে একটি বেআইনি কর হিসেবে ঘোষণা করা হয়েছিল, কারণ এটি কংগ্রেস দ্বারা অনুমোদিত ছিল না; আর আপিল আদালতের সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের সেই রায়টিই বর্তমানে বহাল থাকছে।
জেএ/অভি