নিজস্ব প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবং এনআরবি ব্যাংক পিএলসি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে। এর ফলে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের যেসব এলাকায় তাদের কোনো শাখা নেই, সেখানেও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স তাৎক্ষণিকভাবে নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও ২৪ ঘণ্টা যেকোনো সময় রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবাও যৌথভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ভবিষ্যতে ফিনটেক খাত প্রথাগত লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি, আর সেই লক্ষ্যেই নগদ কাজ করছে।
এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান বলেন, দেশের ১০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে সব এলাকায় সেবা পৌঁছানো সম্ভব নয়। তবে নগদের তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট ব্যবহার করে ব্যাংকের সেবা সহজেই প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যাবে, যা তাদের সেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
নগদ জানায়, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে তারা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে প্রবাসী ও তাদের পরিবারের জন্য সচেতনতামূলক এবং পুরস্কারভিত্তিক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি সম্প্রতি 'হার না মানা হার' শীর্ষক রেমিট্যান্স ক্যাম্পেইন চালু করা হয়েছে।
এছাড়া বাংলা কিউআর (Bangla QR) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালুর মাধ্যমে ক্যাশলেস লেনদেন আরও সহজ হয়েছে। বর্তমানে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে।
—জা. অর্থনীতি/এএইচএ