Print Date & Time : 24 October 2026 Saturday 05:32 am

বগুড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

image

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে গুচ্ছগ্রামের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিম, তার বোন সুরাইয়া ও জাকিরুল। সাঁতার না জানার কারণে একপর্যায়ে ৩ জনই ডুবে যায়। ঘণ্টাখানেক পরে স্থানীয় একজন জাকিরুলের চুল দেখে চিৎকার দিলে গ্রামের লোকজন ২ জনের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—জা. অর্থনীতি/এনজে