Print Date & Time : 02 November 2026 Monday 03:33 am

করিমগঞ্জে জামায়াতের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ

image

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজার-ইন্দা সড়ক এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী।

রোববার (১৯ জুলাই) বিকেলে সাঁকোটির উদ্বোধন করেন গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল ইসলাম। 

এ সময় জামায়াত নেতা ও গুণধর ইউপির সদস্য চাঁন মিয়া, আবু হানিফ, শফিকুল ইসলাম নিরব, এমদাদুল হকসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ওই স্থানে কোনো সাঁকো না থাকায় ইন্দা-চুল্লী গ্রামের মানুষকে মরিচখালী বাজারে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও অসুস্থ রোগীদের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।

এ অবস্থায় স্থানীয় জামায়াতের কর্মীরা নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।

অল্প সময়ের মধ্যেই সাঁকোটির নির্মাণকাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চলাচল সহজ হয় এবং বর্ষা মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসে।

—জা. অর্থনীতি/এনজে