Print Date & Time : 07 November 2026 Saturday 03:56 am

লেবাননে হিজবুল্লাহর গণদাফন, সমাহিত ৪৪ জন

image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের মাজদাল সেলম এলাকায় ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহতদের স্মরণে গণজানাজা ও দাফনের আয়োজন করেছে হিজবুল্লাহ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, এদিন মোট ৪৪ জনকে দাফন করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন সংগঠনের যোদ্ধা, ৪ জন বেসামরিক নাগরিক, যারা ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া একজন স্বাভাবিক কারণে মারা যাওয়া ব্যক্তিকেও একই অনুষ্ঠানে সমাহিত করা হয়।

এএফপির এক প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গ্রামে ট্রাকে করে মরদেহ বহন করা হয়। নিহতদের স্বজনরা তাদের ছবি বহন করেন এবং অনেক নারী শোক প্রকাশ করেন। অনুষ্ঠানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও দেখা যায়, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান সংঘাতের কারণে অনেক লেবানিজ পরিবার এখনও নিজ নিজ এলাকায় স্বজনদের দাফন করতে পারছেন না। এ অবস্থায় হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ঘোষণায় মাজদাল সেলমের "শহীদদের" জানাজা ও দাফনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: ডন

জা.অর্থনীতি/এসআই