Print Date & Time : 08 November 2026 Sunday 01:52 am

গাংনী এতিম খানায় শিশুর মৃত্যু

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী এতিম খানায় এক এতিম শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যু নিয়ে এতিম খানার সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসকের ভিন্ন মতামত পাওয়া গেছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। 

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম হাসান(৯)। সে গাংনীর আযান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। 

গাংনী এতিম খানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান জানান, সকালের দিকে এতিমখানার সকল শিক্ষার্থীকে নিয়ে নিজস্ব জমির আগাছা পরিষ্কারের কাজ চলছিল। ​ওই সময় শিশু হোসাইন এতিমখানার সিঁড়ির ওপরে বসে খেলা করছিল। ​কিছুক্ষণ পর শাহরিয়ার (১৩) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্র রুমে ফিরে গিয়ে হুসাইনকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। ​এ সময় তার শরীরের পাশে রক্ত পড়ে থাকতে দেখে সে দ্রুত বাবুল হুজুর ও সুপারিনটেনডেন্টকে খবর দেয়।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান নয়ন জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

ওসি জানান, এতিম শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি