Print Date & Time : 07 November 2026 Saturday 06:16 pm

পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

image

টাঙ্গাইল প্রতিনিধি: ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে পোল্ট্রি খামারিদের ধাপে ধাপে কৃষি কার্ডের আওতায় আনার কথাও জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন ব্যয় কমানো, পশুখাদ্যের (ফিড) দাম সহনীয় পর্যায়ে রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, বিপিআইএর নেতৃবৃন্দ এবং ফিড, কাঁচামাল ও একদিনের বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। উৎপাদন ব্যয় কমিয়ে খামারিদের স্বস্তি দিতে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।

নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরও জোরদার করতে হবে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পোল্ট্রি খামার পরিচালনা নিশ্চিত করতে হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পোল্ট্রি খামারিদেরও কৃষি কার্ডের আওতায় আনা হবে। আগামী বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে কৃষি কার্ড বিতরণ করা হবে। চলতি বছরে ৪৩ লাখ কৃষক এ কার্ড পাবেন এবং পরবর্তীতে সব কৃষক ও পোল্ট্রি খামারিকেও এই সুবিধার অন্তর্ভুক্ত করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে তারা সহজে বিভিন্ন সরকারি সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, বিপিআইএর কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম. সাফির রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি।

এ সময় জেলার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপিআইএর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/আরএস