বিনোদন ডেস্ক: জনপ্রিয় মারাঠি অভিনেতা আদীনাথ কোঠারে ও অভিনেত্রী উর্মিলা কানেটকর। ২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিং সেটে পরিচয় তাদের। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন তারা। ২০১৮ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা জিজাহ। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ বাতাসে বেড়ে বেড়াচ্ছিল তাদের বিচ্ছেদের খবর। অবশেষে তাই সত্যিই হলো।
এবার প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এই তারকা দম্পতি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিকমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা।
একইসঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছেন। যৌথ বিবৃতিতে আদীনাথ ও ঊর্মিলা বলেন, অনেক ভাবনাচিন্তার পর তারা বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের দাম্পত্যের ইতি ঘটলেও মেয়ে জিজাহই তাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে থাকবে।
তারা লিখেছেন, ‘আমাদের দাম্পত্যের পথচলা শেষ হলেও মেয়ে জিজাহর প্রতি আমাদের দায়বদ্ধতা অটুট। আমরা দুইজনই যৌথভাবে তার লালন-পালন করব, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে।’
বিবৃতিতে আরো জানানো হয়, একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও সম্পর্কের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যম এবং ভক্তদের কাছ থেকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
বিবৃতির শেষে তারা বলেন, ‘আমাদের বন্ধু, সংবাদমাধ্যম এবং সবার কাছে অনুরোধ, এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।
এ বিষয়টি নিয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। এরপর আর কোনো মন্তব্য করবো না। আপনাদের উষ্ণতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।’
গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্যে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাদের আলাদা থাকার খবর প্রকাশিত হলেও তখন এ বিষয়ে মুখ খোলেননি কেউই।
এর আগে, এক সাক্ষাৎকারে ঊর্মিলা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত’ আলোচনায় তিনি গুরুত্ব দেন না। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অনলাইনে প্রচারিত সব তথ্য বিশ্বাস করা উচিত নয়।
অভিনয় জীবনে ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ ও ‘তি সধ্যা কায় কারতে’সহ একাধিক জনপ্রিয় মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অন্যদিকে, আদীনাথ কোথারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক—তিন ভূমিকাতেই মারাঠি চলচ্চিত্রে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে আদীনাথের হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত প্রকল্প। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় তিনি ভারত চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া, হানসাল মেহতার ‘গান্ধী টকস’ সিনেমাতেও দেখা যাবে তাকে।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিংয়ের সময় প্রথম পরিচয় হয় আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকরের। সিনেমাটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে। ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয় ঊর্মিলার।
—জা. অর্থনীতি/এনএ