লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) বাংলাদেশী দুই ভাই প্রাণ হারিয়েছেন। সজীব ও সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা আব্দুল মালেক।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টার দিকে প্রাইভেটকারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যায়। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।
নিহতদের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতো। তারা দুইজনই রিয়াদ শহরে ব্যবসায়ীক মালামাল কিনতে যায়। ওই মালামল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় গুরুত্বর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়।
নিহতদের বাবা আরও বলেন, আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে, এতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা চেয়ছেন।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি