Print Date & Time : 28 October 2026 Wednesday 08:17 am

পদ্মায় ধরা পড়া দুই বাঘাইড় বিক্রি হলো লাখ টাকায়

image

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কে‌জি ও ২৬ কে‌জি ওজনের দু‌টি বাঘাআইড় মাছ। পরে মাছ দুটি নিলামে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দু‌টি আটকা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। পরে এই মাছ দুটো অনলাইনের মাধ্যমে কিনে নেন সিলেটের শফিক নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী।

স্থানীয়দের মাধ্যমে জানান, পদ্মা নদীতে বড় আকারের বাঘাইর মাছ এখন আগের তুলনায় অনেক কম ধরা পড়ে। তাই এমন বড় দুটি মাছ একসঙ্গে বাজারে আসার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে মানুষ মাছ দুটি দেখতে ভিড় করেন। অনেকেই মাছের সঙ্গে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেন। এরপর বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়। এর মধ্যে একটি বাঘাইর মাছের ওজন ছিল ৩২ কেজি। মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী শাজাহান।

মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, "আমি দীর্ঘদিন ধরে পদ্মা নদীর মাছের ব্যবসা করছি। জেলেদের কাছ থেকে মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে এবং অনলাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করি। আমার কাছে প্রতিদিনই পদ্মার বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তবে নদীতে মাছের সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে প্রতিদিনই দামের ওঠানামা করে।"

তিনি বলেন, ৩২ কেজি ওজনের বাঘাইর মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৭০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। আর ২৬ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৪৪ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে মাছ দুটি ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এরপরে তিনি, অনলাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের শফিক নামে এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। এবং প্রতি কেজিতে লাভ রেখে মাছ দুটি বিক্রি করেন।

স্থানীয় জেলেরা জানান, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা কিছুটা বাড়ে। তবে আগের মতো নিয়মিত বড় বাঘাইর, আইড় বা বোয়াল পাওয়া যায় না। তাই যখনই বড় কোনো মাছ ধরা পড়ে, তখন তা বাজারে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ীদের মতে, পদ্মার বাঘাইর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশ-বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে বড় আকৃতির পদ্মার মাছের আলাদা কদর থাকায় অনলাইনের মাধ্যমে অনেক মাছ দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে অবস্থানরত ক্রেতাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। একদিকে যেমন জেলের মুখে হাসি ফুটিয়েছে, অন্যদিকে দৌলতদিয়া মাছ বাজারে এনে দিয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের আশা, পদ্মা নদীতে এমন বড় মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের ঐতিহ্যবাহী নদীর মাছের বাজারও আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

—জা. অর্থনীতি/এলএটি