Print Date & Time : 07 November 2026 Saturday 10:07 pm

মেসির সম্পদের পরিমাণ কত?

image

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার। ফোর্বস-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, টানা ১৩ বছর ধরে বিশ্বের সর্বোচ্চ আয় করা পাঁচ ক্রীড়াবিদের একজন হিসেবে থাকা মেসির বিপুল সম্পদ এসেছে দীর্ঘ ক্যারিয়ারে মাঠের আয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, ব্যবসায়িক উদ্যোগ এবং সম্পদের মূল্যবৃদ্ধি থেকে। এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে ইন্টার মায়ামি ক্লাবের মালিকানায় অংশীদার হওয়ার সুযোগও তার সম্পদের মূল্য বাড়াতে ভূমিকা রেখেছে।

২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ছাড়ার পর সৌদি প্রো লিগ থেকে বছরে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।

ফোর্বসের হিসাবে, চলতি মৌসুমে মেসির মাঠের আয় প্রায় ৭০ মিলিয়ন ডলার এবং স্পন্সরশিপ ও অন্যান্য ব্যবসায়িক খাত থেকে আরও ৭০ মিলিয়ন ডলার আয় হয়েছে।

এর মাধ্যমে মেসি সক্রিয় ক্যারিয়ারে থেকেই বিলিয়নিয়ার হওয়া বিশ্বের হাতে গোনা কয়েকজন ক্রীড়াবিদের একজন হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন।

সূত্র: ফোর্বস

জা.অর্থনীতি/এসআই