Print Date & Time : 08 November 2026 Sunday 03:46 pm

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৬

image

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি জাতীয় তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যার মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

প্রতিবেদন অনুযায়ী, মোমবাসা ও আল বাহিয়াহ নামের দুটি ট্যাংকার ওমানের জলসীমার দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার সময় এ হামলার শিকার হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে আবুধাবি।

এদিকে, নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতুন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা বাবদ টোল আদায়ের পরিকল্পনার কথাও জানান তিনি।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে পড়েছে। হামলার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৭.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১.৯২ ডলারে পৌঁছেছে।

সূত্র: এনডিটিভি

জা.অর্থনীতি/এসআই