Print Date & Time : 03 November 2026 Tuesday 01:05 pm

বর্ষায় ডোবে ঢাকা, কেন মিলছে না স্থায়ী সমাধান?

image

জয় চক্রবর্ত্তী:  রাজধানীতে অল্প কিংবা ভারী বৃষ্টি—দুটোতেই একই চিত্র। বৃষ্টি থেমে গেলেও প্রধান সড়ক থেকে অলিগলি, বিভিন্ন এলাকায় দিনের পর দিন জমে থাকে পানি। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আর কর্মদিবসে এই জলাবদ্ধতার প্রভাব আরও তীব্র হয়। যানজট, ধীরগতির যান চলাচল এবং কর্মস্থলে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব  সব মিলিয়ে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ।

শুধু ড্রেনেজ ব্যবস্থাই নয়, রাজধানীর জলাবদ্ধতার অন্যতম কারণ পানি নিষ্কাশন ব্যবস্থার অকার্যকারিতা। খাল, স্লুইসগেট, পাম্পস্টেশন ও ড্রেনেজ অবকাঠামোর বড় একটি অংশ পুরোপুরি কার্যকর নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি, অচল যন্ত্রপাতি এবং বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় বৃষ্টির পানি দ্রুত সরানো সম্ভব হচ্ছে না।

রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বল চিত্র উঠে এসেছে সিটি করপোরেশনের তথ্যেও। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ বলছে, বৃষ্টির পানি নদীতে সরিয়ে নেওয়ার জন্য থাকা ৪১টি স্লুইসগেটের অর্ধেকেরও কম পুরোপুরি কার্যকর। বাকিগুলোর অনেকগুলো অচল, আবার কিছু আংশিক সচল থাকলেও পানি নিষ্কাশনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এসব স্লুইসগেট পরিচালনায় রয়েছে জনবলের ঘাটতিও।

এদিকে রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোর অনেকগুলোই এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করছে না। কোথাও পাম্প বিকল, কোথাও যন্ত্রপাতির সংকট, আবার অনেক খাল হারিয়েছে পানি প্রবাহের সক্ষমতা। ফলে বৃষ্টির পানি দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে না।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক পানি জমে যায়, যাকে তারা জলজট হিসেবে দেখেন। তবে নালা, খাল, কালভার্ট কিংবা আউটলেটের সক্ষমতা কমে গেলে এবং পানি দীর্ঘ সময় আটকে থাকলে সেটি পরিণত হয় জলাবদ্ধতায়।

নগর-পরিকল্পনাবিদদের মতে, ঢাকার জলাবদ্ধতার মূল সমস্যা দুটি। প্রথমত, দ্রুত পানি নেমে যাওয়ার মতো পর্যাপ্ত পথ নেই। দ্বিতীয়ত, খালগুলোর বড় অংশ দখল, ভরাট ও আবর্জনায় সংকুচিত হয়ে গেছে। একই সঙ্গে ড্রেন ও নালাগুলোতেও জমছে বর্জ্য, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ।

দুই সিটি করপোরেশনের তথ্য বলছে, প্রায় ৩০৬ বর্গকিলোমিটার এলাকায় আড়াই কোটি মানুষের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কার্যকরভাবে নির্ভর করতে হয় মাত্র আটটি প্রধান আউটলেটের ওপর। এসব অবকাঠামোর কিছু পরিচালিত হচ্ছে ভিন্ন ভিন্ন সংস্থার মাধ্যমে। ফলে সমন্বয়ের 

সিটি করপোরেশনের দাবি, বাসাবাড়ির কঠিন বর্জ্য ও প্লাস্টিক ড্রেনে ফেলার কারণেও পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, শুধু বর্জ্য নয় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাই ঢাকার জলাবদ্ধতার বড় কারণ।

বর্ষা মানেই রাজধানীতে জলাবদ্ধতা এই চিত্র যেন আর নতুন নয়। প্রতি বছর একই দুর্ভোগের পুনরাবৃত্তি হলেও নগরবাসীর প্রশ্ন একটাই মেগাসিটি ঢাকায় জলাবদ্ধতার এই সংকটের স্থায়ী সমাধান কবে?

—জা. অর্থনীতি/এএইচএ