Print Date & Time : 07 November 2026 Saturday 09:57 pm

মধ্যরাতে পুড়লো ছাত্রদল নেতার বসতবাড়ি

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মো. লোকমান হোসেনের বসতবাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ লোকমান হোসেনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে গ্রামীণ সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. লোকমান হোসেন জানান, আগুনে তার বসতঘরের আসবাবপত্র, মূল্যবান দলিল ও মালামালসহ নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে গেছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে তার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুপক কান্তি সরকার বলেন, "রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। সড়ক সরু থাকার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফায়ার কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।" 

—জা. অর্থনীতি/এলএটি