Print Date & Time : 08 November 2026 Sunday 07:21 am

ইরানি গণমাধ্যমে ১৩ বিশ্বনেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম ১৩ জন বিশ্বনেতার ছবি-সংবলিত একটি বিতর্কিত ইনফোগ্রাফিক প্রকাশ করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণশীল ইরানি দৈনিক হামশাহরি শনিবার রাতে অনলাইনে প্রকাশিত ওই ইনফোগ্রাফিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও সেনাপ্রধান ইয়াহির জামিরসহ ১৩ জন বিদেশি নেতার ছবি প্রকাশ করা হয়।

মোজতবা খামেনি দাবি করেন, খামেনি ও যুদ্ধে নিহত ইরানিদের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তবে প্রকাশিত ইনফোগ্রাফিকটি ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, তা নিশ্চিত নয়। এটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে; মুদ্রিত সংস্করণে স্থান পায়নি।

এদিকে খালিজ টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে কয়েকটি ইউরোপীয় দেশকেও ওয়াশিংটনের সহযোগী হিসেবে অভিযুক্ত করেছে ইরান।

অন্যদিকে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে বিপ্লবী গার্ডের কয়েকটি নৌযান লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। এর জবাবে উপসাগরীয় কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান।

সর্বশেষ পরিস্থিতিতে সৌদি আরব ইরানের পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সনদ লঙ্ঘন করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এসব কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছে।

সূত্র: খালিজ টাইমস

জা.অর্থনীতি/এসআই