Print Date & Time : 08 November 2026 Sunday 06:39 am

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

image

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকার জনপ্রিয় বার ও রেস্তোরাঁ রং বিয়ার না লাত ফ্রাও-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের বেশি দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের কিছু পর আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা ভেদ করে আতঙ্কিত মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছেন; কয়েকজনের শরীরে আগুনও লেগে যায়।

থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের কাট-আউট সুইচ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন ছড়িয়ে পড়ার পর ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে অনেকেই ভবনের পেছনের শৌচাগারে আশ্রয় নেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়।

ব্যাংককের গভর্নর চাচার্ট সিত্তিপুন্ট জানান, বারের ভেতরের দাহ্য সজ্জাসামগ্রী আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে। এছাড়া জরুরি নির্গমনপথের সামনে বিভিন্ন পণ্যের স্টল থাকায় পালাতে বাধার সৃষ্টি হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করছেন।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই