Print Date & Time : 07 November 2026 Saturday 11:16 pm

৩ হাজার রুপি তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে আছে ৭৬০ কোটি!

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুর্শিদাবাদের লালগোলা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুন ৩ হাজার রুপি তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭৬০ কোটি রুপি ব্যালেন্স দেখে বিস্মিত হন। জানা গেছে, তার দেবর চেন্নাই থেকে ৩ হাজার টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়ে তিনি অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা ব্যালেন্স দেখতে পান।

অস্বাভাবিক এই ব্যালেন্স দেখে আতঙ্কিত হয়ে শরিফা খাতুন ও তার পরিবার বিষয়টি সঙ্গে সঙ্গে লালগোলা থানায় লিখিতভাবে জানান। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়। ব্যাংক থেকে তাকে প্রয়োজনীয় নথিপত্রসহ সোমবার শাখায় উপস্থিত হতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে ব্যাংকিং বিশেষজ্ঞদের ধারণা, এটি সফটওয়্যার বা সিস্টেমজনিত কারিগরি ত্রুটির ফল। অনেক সময় ট্রানজেকশন আইডি বা অন্য কোনও তথ্য ভুলবশত অ্যাকাউন্টের ব্যালেন্স হিসেবে প্রদর্শিত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি কোচবিহার ও দুর্গাপুরেও একই ধরনের ঘটনায় সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার ব্যালেন্স দেখানোর ঘটনা সামনে এসেছে। ফলে পরপর এমন ঘটনার নেপথ্যে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

জা.অর্থনীতি/এসআই