Print Date & Time : 07 November 2026 Saturday 05:22 am

শব্দদূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

image

শেরপুর প্রতিনিধি: ‘সুখবর, ভর্তি চলছে’—এ ধরনের প্রচারণাসহ সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান ও বিজ্ঞাপনের মাধ্যমে সৃষ্ট শব্দদূষণের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে অভিনব কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে শব্দদূষণ রোধে ছয় দফা সুপারিশসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

রোববার (১১ জুলাই) নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে থালায় চামচ বাজিয়ে এবং গলায় ‘শব্দদূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ ব্যানার ঝুলিয়ে তিনি এ প্রতিবাদ জানান। ব্যতিক্রমী এই প্রতিবাদী শিক্ষক হলেন হাজী নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুজ্জামান। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স ব্যবহারের কারণে পৌর শহরসহ আশপাশের এলাকায় শিক্ষার্থী, রোগী, শিশু ও বয়স্ক মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা এই শব্দদূষণের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। দ্রুত এই সমস্যা সমাধানে তারা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

প্রতিবাদী শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বর্তমানে শব্দদূষণ সহ্যের বাইরে চলে গেছে। এইচএসসি পরীক্ষা চলমান থাকলেও শব্দদূষণ কমেনি এবং প্রশাসনেরও কোনো উদ্যোগ নেই। এই দূষণ মানুষের শ্রবণক্ষমতা ও রোগীদের মারাত্মক ক্ষতি করছে। অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সচেতন নাগরিকদের নিয়ে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলবেন বলে জানান। তবে পরবর্তী সময়ে একাধিকবার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

—জা. অর্থনীতি/এলএটি