Print Date & Time : 28 October 2026 Wednesday 07:01 am

সাতক্ষীরায় অতিবর্ষণে বিদ্যালয় বন্ধ, ভেসে গেছে মাছের ঘের

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সাথে অতিবৃষ্টিতে জেলার ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে অন্তত ১২৭টি মাছের ঘের, যাতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সভায় জানানো হয়, জেলায় এই মুহূর্তে বড় কোনো বন্যার আশঙ্কা নেই এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সভায় শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান, শহরের যানজট নিরসনে বাস টার্মিনাল স্থানান্তর এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা জেলার জনভোগান্তি লাঘবে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

—জা. অর্থনীতি/এলএটি