Print Date & Time : 28 October 2026 Wednesday 05:26 am

সাংবাদিকের উদ্যোগে প্রাণে বাঁচলো দাঁড়াশ সাপ

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা একটি দাঁড়াশ সাপকে পিটুনির হাত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  (১০ জুলাই) রাতে উপজেলার সিন্দুরখাঁন বাজারের ব্যবসায়ী জসীম মিয়ার দোকানে ঢুকে পড়ে সাপটি। হঠাৎ সাপ দেখে তিনি আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে দেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায় এবং অনেকে সাপটিকে মারার প্রস্তুতি নেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন। তিনি সবাইকে সাপটি না মারার জন্য অনুরোধ করেন এবং দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

তারা সাপটি শনাক্ত করে জানান, এটি একটি দাঁড়াশ সাপ, যা সম্পূর্ণ নির্বিষ এবং মানুষের জন্য কোনো ক্ষতিকর নয়। বরং ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষকের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে দাঁড়াশ সাপকে কৃষকের বন্ধু বলা হয়। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাংবাদিক আল আমিনের সময়োচিত উদ্যোগের কারণেই দাঁড়াশ সাপটি প্রাণে বেঁচে গেলো। নির্বিষ সাপ দেখলেই না মেরে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়ার আহ্বান জানাই।

স্থানীয়রা জানান, সাংবাদিকের এই উদ্যোগে বাজারের মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে