আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ধারাবাহিকভাবে নতুন হামলার শুরু করেছে, ইরানের ওপর তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে, দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখতে সহায়তা করছে।
গালিবাফ বলেন, "যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমঝোতা লঙ্ঘন হয়েছে। ভয়ভীতি ও চাপ প্রয়োগের যুগ শেষ। আমরা নতি স্বীকার করব না।"
এর কিছুক্ষণ আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
জা.অর্থনীতি/এসআই