Print Date & Time : 07 November 2026 Saturday 08:46 pm

সিলেটের পর্যটন এলাকায় ভারতীয় পণ্যের বৈধতা

image

সিলেট প্রতিনিধি: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলং। ভারতের সীমান্তবর্তী হওয়ায় এখানকার বাজারগুলোতে ভারতীয় কম্বল, চকলেট, মসলা ও কসমেটিকস পণ্য অবাধে কেনাবেচা হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোতে ভারতীয় পণ্যের রমরমা ব্যবসা চললেও এবং সেখানে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি থাকলেও বাজারে কোনো অভিযান চালানো হয় না। ফলে পর্যটকরা নিরাপদ মনে করেই এসব পণ্য কিনছেন। তবে বিপত্তি ঘটছে ফেরার পথে; গন্তব্যে ফেরার সময় সড়কপথে চেকপোস্টে এসব পণ্যকে ‘অবৈধ’ বা চোরাচালানের পণ্য উল্লেখ করে জব্দ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সীমান্তবর্তী বাজারে অবাধে বিক্রি হওয়া পণ্য কিনে ফেরার পথে পর্যটকরা এভাবে হয়রানির শিকার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীদের প্রশ্ন— বাজারে প্রকাশ্যে বিক্রি হওয়া পণ্য যদি অবৈধই হয়, তবে বিক্রেতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? অথচ বৈধভাবে টাকা দিয়ে কেনার পর পথে পর্যটকদের কেন হয়রানি করা হচ্ছে? এতে এই অঞ্চলের পর্যটন খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উসমান গনি বলেন, "বৈধ শুল্ক বা কর পরিশোধ ছাড়া বিদেশি পণ্য দেশে প্রবেশ, পরিবহন বা বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। সিলেট-তামাবিল মহাসড়কে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা চোরাচালানের পণ্য আটক ও পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।"

ভিন্ন সুর শোনা গেছে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদারের কণ্ঠে। তিনি বলেন, "আমরা পর্যটন এলাকায় দায়িত্ব পালন করলেও অবৈধ পণ্য আটকের এখতিয়ার আমাদের নেই। আমরা মূলত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার কাজ করি।"

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, "বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য সরকারি নীতিমালা অনুসরণ করতে হয়, যা জাফলং পর্যটন এলাকার ব্যবসায়ীরা তেমন একটা মানছেন না। এ জন্য আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য জব্দ করাসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি।" স্থানীয় সচেতন মহলের দাবি, পণ্যগুলো বাজারে বিক্রির অনুমতি থাকলে ক্রেতাদের হয়রানি বন্ধ করা উচিত, আর অবৈধ হলে সরাসরি মূল বিক্রয় চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 —জা. অর্থনীতি/এলএটি