Print Date & Time : 28 October 2026 Wednesday 05:29 am

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসির

image

সুনামগঞ্জ প্রতিনিধি: "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে. এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান.

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও গাছের চারা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ৩০ প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, "পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জেও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।"

পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "জেলাজুড়ে পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অনেক অভিযোগ আমরা পেয়েছি। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সহকারী সুপার (সদর সার্কেল) চাতক চাকমা. অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি