Print Date & Time : 07 November 2026 Saturday 10:09 pm

দখলমুক্ত হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল

image

জয় চক্রবর্ত্তী: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক ও কার্যকর যাত্রীসেবা কেন্দ্রে পরিণত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। টার্মিনালের ভেতরে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট সরিয়ে নেওয়া এবং বাস পার্কিংয়ে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি জানান, টার্মিনাল শুধুমাত্র যাত্রীসেবার জন্য ব্যবহৃত হবে। যাত্রী ওঠানামার বাইরে কোনো বাস সেখানে রাখা যাবে না এবং এটিকে কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে দেওয়া হবে না।

তিনি বলেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসি বাসের জন্য পৃথক জায়গা নির্ধারণ করা হবে, যাতে যাত্রীসেবা আরও সুশৃঙ্খল ও কার্যকর হয়।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা হবে। এর মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজধানীর যানজট ও সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে গুলিস্তান এলাকা থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান আব্দুস সালাম।

—জা. অর্থনীতি/এএইচএ