Print Date & Time : 08 November 2026 Sunday 03:58 pm

তালতলীতে সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

image

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে তিনি ভেসে যান। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সৈকতে এই ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক হলেন— মো. আসাদুল (১৬)। সে বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আসাদুলসহ সমবয়সী ৫ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সাগরে গোসলে নামলে নিম্নচাপের তীব্র স্রোতে সবাই ভেসে যেতে থাকেন। স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিক ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যান। সাগরে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে তিনি দীর্ঘ সময় ভেসে থাকার চেষ্টা করলেও একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন।

ইউএনও বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেছে। সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে উদ্ধার তৎপরতা জোরদার রয়েছে। —জা. অর্থনীতি/এলএটি