Print Date & Time : 07 November 2026 Saturday 01:43 pm

সাতক্ষীরায় যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে গঠিত উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরসভার প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন, অনুমোদনহীন ইজিবাইক শহরে প্রবেশ নিয়ন্ত্রণ এবং লাবসা বাইপাস এলাকায় দ্রুত বাস টার্মিনাল স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করা হয়। 

সভায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে জানানো হয়, বর্তমানে বাঁকাল থেকে পাকাপোল মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এছাড়া আশাশুনি ও কালীগঞ্জগামী বাসগুলোকে শহরের ভেতরে অপ্রয়োজনীয়ভাবে দাঁড়িয়ে থাকতে নিষেধ করা হয়েছে। একই সাথে পৌরসভার অনুমোদিত ৯১৮টি ইজিবাইক ছাড়া অন্য সব অবৈধ যান ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনের বেলায় শহরের অভ্যন্তরীণ সড়কে ট্রাক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি ডে-নাইট কলেজ মোড় এবং সাতক্ষীরা সরকারি কলেজ সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, ঘোষিত পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জেলা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

—জা. অর্থনীতি/এলএটি