Print Date & Time : 07 November 2026 Saturday 04:58 am

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিয়ে দেশে ফিরলেন স্পিকার

image

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তেহরান থেকে দেশে ফিরেছেন। রোববার (৫ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত ভাবগম্ভীর এই অনুষ্ঠানে স্পিকার প্রয়াত আলী খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় স্পিকার সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

জা.অর্থনীতি/এসআই