Print Date & Time : 07 November 2026 Saturday 11:48 pm

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির সমঝোতা স্মারক স্বাক্ষর

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ওসিএআইবির প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় এমটিবির বিশেষায়িত চায়না ডেস্ক-এর মাধ্যমে ওসিএআইবির সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবেদিত ও পরামর্শভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে। এসব সেবার মধ্যে রয়েছে ট্রেড ফাইন্যান্স, বৈদেশিক রেমিট্যান্স, ট্রেজারি সেবা, হিসাব পরিচালনা এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)-সংক্রান্ত বিশেষায়িত পরামর্শসহ প্রয়োজনভিত্তিক বিভিন্ন ব্যাংকিং সমাধান।

অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক, এমএনসি ব্যাংকিং বিভাগের প্রধান ইন্তেখাব আলম জিলানী, হোলসেল ব্যাংকিং বিভাগের ক্লাস্টার প্রধান মাসরুর হোসেন, কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার কাজী সাবরীম হোসেন, রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ জুনায়েদ এমরান এবং চায়না ডেস্কের রিলেশনশিপ ম্যানেজার কামরুল হাসান উপস্থিত ছিলেন।

ওসিএআইবির পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই. সি. চ্যাং, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, ডেপুটি সেক্রেটারি জেনারেল লি তাই পেং (ইভান), ভাইস প্রেসিডেন্ট লিসা লু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভেন ঝ্যাং।

সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে বিশেষায়িত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশে আরও বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জা.অর্থনীতি/এসআই