Print Date & Time : 07 November 2026 Saturday 12:46 pm

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ বিচার দাবিতে মানববন্ধন

image

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (৫ জুলাই) দুপুরে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে। তারা ভুক্তভোগীর নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিলকুলা গ্রামের জুয়েল ও মামুন নামের দুই ব্যক্তি ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেছেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মামলার তদন্ত চলছে এবং ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি